দৌলতদিয়ায় ডিবির চেকপোস্টে ৩০ হাজার ইয়াবার চালান জব্দ, গ্রেপ্তার ৩

ঝুট বোঝাই ট্রাকে করে পাচার করা হচ্ছিল ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবার এই চালান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মাদকের চালকের মূলহোতা রমজান আলী (৩৪), ট্রাকচালক আরমান হোসেন ইউনুস (৩০) ও হেলপার আরিফ হোসেন (৩২)।
সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে একটি বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত ঝুট বোঝাই একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে।
একইদিন বিকাল সাড়ে তিনটার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, পাটুরিয়া ফেরিঘাট হয়ে একটি ট্রাকে করে ইয়াবার বড় চালান যশোরে নেওয়া হচ্ছে। এর ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে চেকপোস্ট বসানো হয়।
পরে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের একটি ঝুট বোঝাই টাটা কার্গো ট্রাক থামানো হয়। ট্রাকের চালক, হেলপার ও চালকের পেছনের একটি বক্সে শুয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হয় পুলিশের। একপর্যায়ে তারা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি সদস্যরা তাদের আটক করেন।
পুলিশ জানায়, তল্লাশির একপর্যায়ে ট্রাকের বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে কেনা হয়েছিল। পরে ট্রাকচালক ও হেলপারের সহায়তায় সেগুলো যশোরে নেওয়া হচ্ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













