করোনায় অনিশ্চিত ‘দ্য হান্ড্রেড’

চলমান করোনা পরিস্থিতিতে একশ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ এক বছর পিছিয়ে দেয়াই সমীচীন হবে। এমনটাই মনে করেন, ম্যানচেস্টার অরিজিন্যালসের হেডকোচ ও সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সায়মন ক্যাটিচ।
ক্রিকেটের বানিজ্যিকীকরণের যুগে আরো সংক্ষিপ্ত পরিসরে একটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস বোর্ড। আট দলের অংশগ্রহণে এবছর জুলাইয়ে একশ বলের এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।
কিন্তু, করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায়, পূর্বনির্ধারিত সময়ে যে সেটি অনুষ্ঠিত হচ্ছেনা, তা অনেকটাই নিশ্চিত। যদিও দর্শকশূন্য মাঠে এই প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়েছেন অনেকেই।
তবে, এর পক্ষে নন একশ বলের টুর্নামেন্টের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ম্যানচেস্টার অরিজিন্যালসের কোচ সায়মন ক্যাটিচ। একটি রেডিও স্টেশনকে দেয়া সাক্ষাতকারে সাবেক এই অজি ব্যাটসম্যান বলেন, টুর্নামেন্টটি ২০২১ সালে আয়োজন করাই হবে বিচক্ষণ সিদ্ধান্ত।
(ঢাকাটাইমস/১৭ এপ্রিল/এআইএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































