শিরোপা জয়ের পথ আরো সহজ হলো বায়ার্নের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ০৪:২৭
অ- অ+

জার্মান বুন্দেসলিগায় মঙ্গলবার রাতে কিমিচ এবং মোটিংয়ের গোলে বায়ার লেভারকুসানের বিপক্ষে ২-০ গোল ব্যবধানে জিতেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে কোলনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে টেবিলের দুই নম্বরে থাকা লিপজিক। আর তাতেই শিরোপা জয়ের পথটা আরো সহজ হয়ে গেল বায়ার্নের।

এখন পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের ঠিক পরের অবস্থানে থাকা লিপজিক পিছিয়ে আছে ১০ পয়েন্টে। অর্থাৎ ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট লিপজিকের। ফলে এখনো তিনটি ম্যাচ হারলেও কোনো সমস্যা নেই বায়ার্নের।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। সপ্তম মিনিটে ড্যাভিড আলাবার ক্রসে টমাস মুলারের ভলি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। গোলমুখে ফাঁকায় বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শে জালে পাঠান ক্যামেরুনের ফরোয়ার্ড চুপো মোটিং।

আর ত্রয়োদশ মিনিটে ডি-বক্সে সফরকারীরা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে যান কিমিচ। জোরালো শটে ঠিকানা খুঁজে নেন রক্ষণ ও মাঝমাঠে খেলতে পারদর্শী এই জার্মান। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধের খেলার গতি বাড়ায় লেভারকুসান। প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা দলটি। ৭০তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ নষ্ট হয় লেভারকুজেনের। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা করিম বেলারবির শট ক্রসবারে বাধা পায়।

শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে শিরোপা প্রত্যাশী ক্লাব বায়ার্ন মিউনিখ।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামে আরও ৪ শিশুর মৃত্যু
তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
রামিসা হত্যা মামলার বিচার দীর্ঘায়িত করতে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে আসামিরা: ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা