হার দিয়ে বাছাইপর্ব শুরু বাংলাদেশের

এএফি এশিয়ান কাপের বাছাইপর্বের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ২-০ গোল ব্যবধানে হারলেন জামাল ভূঁইয়ারা। বুকিত জলিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাহরাইনের পক্ষে একটি করে গোল করেন আলী হারাম ও কামিল আল আসওয়াদ।
বাছাইপর্বের খেলায় `ই‘ গ্রুপে অবস্থান করছে বাংলাদেশ দল। এই গ্রুপে জামাল ভূঁইয়াদের সঙ্গে রয়েছে বাহরাইন, মালয়েশিয়া ও তুর্কমেনিস্তান। বাছাইপর্বের খেলা নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে খেলতে নামে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।
ম্যাচের শুরু থেকে বাহরাইনের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। বল দখল কিংবা আক্রমণের হিসেবে একচ্ছত্র আধিপত্য বিস্তার ছিল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৯ ধাপ এগিয়ে থাকা দলটিই। আর প্রথমার্ধের খেলার অধিকাংশ সময় বাংলাদেশের ডি-বক্সেই ছিল বল।
বাংলাদেশি গোলকিপার আনিসুর রহমান জিকোর নৈপুন্যে বেশ কয়েকটি গোল থেকে রক্ষা পেয়েছে জাভিয়ার হার্নান্দেস ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচের ৩৩তম মিনিট পর্যন্ত বাংলাদেশ বাহরাইনকে রুখতে সক্ষম হয়েছিল। কিন্তু প্রথমার্ধ শেষ হতেই খেয়ে বসে দুটো গোল।
৩৪তম মিনিটে কর্ণার থেকে আল হারামা দুর্দান্ত হেডে গোল করেন। বাহরাইনের এই ফরোয়ার্ডের সামনে টুটুল হোসেন বাদশা ছিলেন। বাংলাদেশি ডিফেন্ডার বল পাওয়ার আগেই লাফিয়ে হেড করেন বাহরাইনের গোলদাতা।
আর আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বাহরাইন। কর্নার থেকে আসা বলটি বাংলাদেশের ডিফেন্ডাররা হেডে আংশিক ক্লিয়ার করেন। বল বক্সের বাইরে বাহরাইনের মিডফিল্ডার আল আসওয়াদের পায়ে পড়ে। দূর থেকে নেয়া তার শট জটলার মাঝ দিয়ে গোলরক্ষক জিকোকে পরাস্ত করে।
দ্বিতীয়ার্ধের খেলায় গোলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি শেষ হয়েছে ২-০ গোল ব্যবধানে। এর আগে দুদলের শেষ দেখাতেও একই ব্যবধানে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। মাঝখানে শুধু কেটে গেল ৪৩ বছর।
এদিকে এই হারের ফলে পয়েন্ট টেবিলের তলানিতে গেল বাংলাদেশ। এক ম্যাচে কোনো পয়েন্ট ছাড়াই তারা রয়েছে চার নম্বরে। আর এক ম্যাচ জিতে ৩ পয়েন্ট অর্জনকারী বাহরাইন অবস্থান করছে টেবিলের শীর্ষে। মালয়েশিয়া দুইয়ে এবং তুর্কমেনিস্তান তিনে অবস্থান করছে।
(ঢাকাটাইমস/০৮জুন/এমএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































