আইসিসি চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করতে পারবে না: ক্রীড়া উপদেষ্টা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু কি ভারতেই থাকবে? নাকি শ্রীলঙ্কায় যাবে- এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য আগের অবস্থানেই অনড় আছে। কোনো অবস্থাতেই ভারতে বাংলাদেশ দল পাঠাতে রাজি নয় বিসিবি।
এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ কোনো অবস্থাতেই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আসিফ নজরুল।
এর আগে গতকাল ভারতের সংবাদমাধ্যম ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, বিসিবির সঙ্গে বৈঠকে আইসিসি ভারতে বিশ্বকাপ খেলা ইস্যুতে বিসিবিকে আলটিমেটাম দিয়েছে। ভারতে বিশ্বকাপ খেলবে কিনা, সেটা আগামীকাল বুধবারের মধ্যেই জানাতে বলেছে আইসিসিকে। বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে রাজি না থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড- এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
অবশ্য গতকাল রাতে ক্রিকইনফোর এই প্রতিবেদন মিথ্যা দাবি করে বিসিবি পরিচালক আমজাদ হোসেন জানান, আইসিসি এমন কোনো আলটিমেটাম দেয়নি। আজ ক্রীড়া উপদেষ্টা জানিয়েছে, বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলাতে আইসিসি অযৌক্তিক চাপ দিতে পারবে না।
এ প্রসঙ্গে আসিফ নজরুল জানান, আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করতে পারবে না। অতীতেও ভেন্যু পরিবর্তনের নজির আছে উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা আরও জানান, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেয়া হচ্ছে, এমন কোনো খবর তার জানা নেই।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































