বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলছে টানাপোড়েন। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়েছে। চিঠিটি পাঠানো হয়েছে মঙ্গলবার, যা বুধবার আইসিসি বোর্ড বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ সিদ্ধান্তের আগ মুহূর্তে নতুন মাত্রা যোগ করেছে।
ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, চিঠিতে পিসিবি বাংলাদেশের অবস্থানকে ‘যৌক্তিক’ হিসেবে উল্লেখ করেছে। চিঠিটির অনুলিপি আইসিসি বোর্ডের সব সদস্যদের কাছেও পাঠানো হয়েছে।
এ সময় বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের কারণে তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ নিয়ে বৈঠক ডাকা হয়েছে। তবে পিসিবির চিঠি বৈঠকের কারণ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আইসিসি এখনো অনড়; সংস্থাটি আগের মতোই সূচি অপরিবর্তিত রাখতে চায় এবং বাংলাদেশকে ভারতের ভেন্যুতেই খেলতে হবে। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের সফরে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।
গত কয়েক সপ্তাহে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা বৈঠক হয়েছে—সবশেষটি ঢাকায়। অনানুষ্ঠানিকভাবে ২১ জানুয়ারিকে সিদ্ধান্তের ডেডলাইন ধরা হয়েছিল।
এই সংকটের সূত্রপাত হয়েছিল আইপিএল ২০২৬-এর আগে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে সরানোর ঘটনায়। এরপর বাংলাদেশ-ভারত রাজনৈতিক টানাপোড়েন সামনে আসে এবং বাংলাদেশ সরকার জানায়, বর্তমান পরিস্থিতিতে দলকে ভারতে পাঠানো সম্ভব নয়। পরিস্থিতি আরও জটিল হয়, দেশজুড়ে খেলোয়াড় বিক্ষোভ দেখা দেয়, যার প্রভাব পড়ে চলমান বিপিএলেও।
এ অবস্থায় বুধবারের আইসিসি বৈঠকই ঠিক করবে—বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে, নাকি পরিস্থিতি নতুন মোড় নেবে।
(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































