বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৬, ১৮:৪৩| আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৯:০১
অ- অ+

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবি কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিন সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সময়ের মধ্যে বাংলাদেশ সম্মতি না দিলে তাদের জায়গায় বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।

বুধবার (২১ জানুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের হুমকির পরিপ্রেক্ষিতে দেশটির ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশে বোলার মোস্তাফিজুর রহমানকে নিজেদের আইপিএল দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনায় বিশ্বকাপ দলের খেলোয়াড়-কর্মকর্তাদের নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ তাদের খেলার ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দেয়। এবারের এই বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত হবে।

এ নিয়ে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছে বিশ্বকাপ আয়োজকদের সঙ্গে। এমনই আবহে আজ অনুষ্ঠিত হয় আইসিসির বোর্ড সভা।

বিসিবির দাবি, নিরাপত্তাজনিত কারণে ভারত গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে তারা স্বস্তি বোধ করছে না। এ কারণে বিকল্প ভেন্যুর প্রস্তাব দেয় বাংলাদেশ।

আইসিসির চেয়ারম্যান জয় শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ডসহ পূর্ণ সদস্যভুক্ত সব দেশের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, ডেপুটি চেয়ারম্যান ও ইভেন্টস বিভাগের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তখন প্রচার হয়েছিল বিশ্বকাপে বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলবে না। তবে এমন তথ্যকে বোর্ডসভায় ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়।

আইসিসির পক্ষ থেকে বোর্ডকে জানানো হয়, স্বল্প সময়ের মধ্যে ভেন্যু পরিবর্তন বাস্তবায়ন করা কঠিন। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্টের কাঠামো ও সূচি ঠিক রাখতে বিকল্প দল নেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

এক দিনের মধ্যে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইছে আইসিসি। এর ওপর নির্ভর করছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য।

বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

স্কটল্যান্ড ইউরোপিয়ান বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে চতুর্থ হওয়ায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
BUBT QA Expert Trains Faculty of Premier University on World Rankings & Accreditation
ইরানে যুক্তরাষ্ট্রের বর্বর হামলায় নিহত ৩৮, আহত চার শতাধিক
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে দুই তেলের ট্যাংকারে আগুন
দেশের ৮ জেলায় ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা