সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে শুধু সিরিজ জয় নয়, আইসিসির র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে ওঠার হাতছানি রয়েছে মিরাজদের।
শুক্রবার দুপুর সোয়া ২টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
প্রথম ওয়ানডেতে নাহিদ রানার বোলিং তোপে পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানকে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবিয়ে, তানজিদ তামিমের ব্যাটিং ঝড়ে ৮ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। ৩০০ বলের ইনিংসে বাংলাদেশ ম্যাচটি জিতেছে ২০৯ বল হাতে রেখে।
দ্বিতীয় ওয়ানডেতেও দাপুটে পারফরম্যান্স বজায় রেখে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চায় মেহেদি মিরাজের দল। ওয়ানডেতে নিজেদের পারফরম্যান্সে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে চান মিরাজ। দলের ক্রিকেটারদের সেজন্য ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নয়ণে উজ্জীবিত করছেন টাইগার অধিনায়ক।
অন্যদিকে প্রথম ওয়ানডের বিপর্যয় থেকে ঘুঁড়ে দাঁড়ানোর চ্যালেঞ্জ পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচে পেস বোলিংয়ের শক্তি বাঁড়াতে হারিস রউফকে দলে ফেরানো হচ্ছে। প্রথম ম্যাচে পাকিস্তানের পরাজয়ের পেছনে চারজন নবাগতকে সুযোগ দেওয়াও বড় কারণ ছিলো। যদিও সালমান আগা, মোহাম্মদ রিজওয়ানদের মত অভিজ্ঞরাও ব্যর্থ হয়েছেন। খাদের কিনারা থেকে ঘুঁড়ে দাঁড়াতে মরিয়া শাহীন শাহ আফ্রিদির দল।
এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
পাকিস্তান
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম/হারিস রউফ, আবরার আহমেদ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































