শেষ দিনে জমে উঠল সিলেট টেস্ট, জয়ের দোরগোড়ায় বাংলাদেশ–পাকিস্তান

রোমাঞ্চ ছড়িয়ে সিলেট টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। ৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান।
ফলে শেষ দিনে জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ১২১ রান, আর বাংলাদেশের প্রয়োজন শেষ ৩ উইকেট।
পাকিস্তানের শেষ ভরসা হয়ে উইকেটে আছেন মোহাম্মদ রিজওয়ান। ৭৫ রানে অপরাজিত এই উইকেটকিপার–ব্যাটারের সঙ্গে আছেন সাজিদ খান, তিনি খেলছেন ৮ রানে।
দিনের বড় একটা সময় বাংলাদেশকে ভুগিয়েছেন রিজওয়ান ও সালমান আলি আগা। দুজন মিলে ২২৪ বলে গড়েন ১৩৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। তাদের দৃঢ় প্রতিরোধে ম্যাচ ধীরে ধীরে পাকিস্তানের দিকে ঝুঁকছিল। তবে শেষ বিকেলে স্পিনার তাইজুল ইসলাম সেই জুটি ভেঙে ম্যাচে নতুন প্রাণ ফেরান।
দুর্দান্ত এক ডেলিভারিতে সালমান আগাকে বোল্ড করেন তাইজুল। ৭১ রান করে ফেরেন আগা। এরপর একই ওভারে হাসান আলিকেও শূন্য রানে ফেরান এই বাঁহাতি স্পিনার। স্লিপে দারুণ ক্যাচ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দিনের শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলেছিলেন নাহিদ রানা। দলীয় ২৭ রানে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার আব্দুল্লাহ ফজল। ৬ রান করা এই ব্যাটারের ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। আরেক ওপেনার আজান আওয়াইসও ইনিংস বড় করতে পারেননি। ২১ রান করে মিরাজের বলে এলবিডব্লিউ হন তিনি। ৪১ রানেই ২ উইকেট হারায় পাকিস্তান।
এরপর বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ মিলে প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের ৯২ রানের জুটিতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ কাটান তাইজুল ইসলাম। ৪৭ রান করা বাবরকে ফিরিয়ে ভাঙেন গুরুত্বপূর্ণ এই জুটি। লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন বাবর।
পরে নাহিদ রানার গতির সামনে টিকতে পারেননি সৌদ শাকিলও। ৬ রান করা শাকিল উইকেটের পেছনে ক্যাচ দিলে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। এরপর তাইজুলের শিকার হন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ৭১ রান করা এই ব্যাটার শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দেন।
তাইজুল ইসলামের ঘূর্ণিতে পাকিস্তান একপর্যায়ে ১৬২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও রিজওয়ান–আগার জুটি ম্যাচে ফিরিয়ে আনে সফরকারীদের।
এর আগে মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তোলে বাংলাদেশ। তাতে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।
এখন সবকিছুর নিষ্পত্তি হবে শেষ দিনে। বাংলাদেশের লক্ষ্য দ্রুত ৩ উইকেট তুলে নেওয়া, আর পাকিস্তান চাইবে ইতিহাস গড়ে অবিশ্বাস্য এক রানতাড়া সম্পন্ন করতে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































