বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী অনুষ্ঠান তিন দেশে, কখন কোথায় কী থাকছে

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম একাধিক উদ্বোধনী অনুষ্ঠান তিনটি দেশে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। প্রতিটি অনুষ্ঠানই আলাদা সময়ে হলেও একই ভাবনায় নির্মিত, যেখানে আয়োজক দেশগুলোর সংস্কৃতি ও ফুটবলের বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরা হবে।
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় প্রথম উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শেষে রাত ১টায় স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আসর শুরু হবে। এখানে আদিবাসী সংস্কৃতি, লোকজ পরিবেশনা ও ‘পাপেল পিকাডো’ শিল্পের মাধ্যমে দেশীয় ঐতিহ্য উপস্থাপন করা হবে। পারফর্ম করবেন শাকিরা, বার্না বয়সহ একাধিক আন্তর্জাতিক শিল্পী। অনুষ্ঠানটি প্রায় ১৬–১৭ মিনিট স্থায়ী হবে।
কানাডার টরন্টোতে উদ্বোধনী অনুষ্ঠান হবে পরদিন রাত ১১টা ৩০ মিনিটে। বাংলাদেশ সময় রাত ১টায় কানাডা ও বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে কানাডা অংশের সূচনা হবে। অনুষ্ঠানে কানাডার বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরা হবে। পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, নোরা ফাতেহিসহ বিভিন্ন শিল্পী। সময়কাল প্রায় ১৩ মিনিট।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়। সকাল সাতটায় শুরু হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচ। এখানে বড় পরিসরের ভিজ্যুয়াল প্রযোজনা ও গল্পনির্ভর পরিবেশনা থাকবে। পারফর্ম করবেন কেটি পেরি, লিসা, ফিউচারসহ বিশ্বখ্যাত শিল্পীরা। এটিও প্রায় ১৩ মিনিট স্থায়ী হবে।
তিনটি অনুষ্ঠান পরিচালনা করছেন মার্কো বালিচ। প্রতিটি আয়োজন ভিন্ন দেশীয় সংস্কৃতি তুলে ধরলেও মূল বার্তা এক—ফুটবলের মাধ্যমে বিশ্বকে একত্র করা।
(ঢাকাটাইমস/১১ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































