চট্টগ্রামে ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ১১:৫২| আপডেট : ১৩ জুন ২০২৬, ১২:২৫
অ- অ+

ঢাকা থেকে প্রিমিয়ার লিগ খেলে চট্টগ্রাম ফিরেই ডিবি পরিচয়ে নির্মম মারধর ও চরম হেনস্তার শিকার হয়েছেন জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান।

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের লালখানবাজার ফ্লাইওভারের মুখে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। আহত এই ক্রিকেটার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। নিজের পরিচয় দেওয়ার পরও রেহাই পাননি বলে অভিযোগ করেছেন ২৬ বছর বয়সী এই স্পিনার।

ঘটনার বর্ণনা দিয়ে কান্নাজড়িত কণ্ঠে নাঈম হাসান বলেন, ‘ফ্লাইট বিলম্ব হওয়ায় এয়ারপোর্ট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলাম। লালখানবাজার ফ্লাইওভারের নিচে পুলিশ আমার সিএনজি থামিয়ে চালকের কাগজপত্র নেয়। আমি নিজে থেকেই পুলিশকে ব্যাগ চেক করতে বলি। কিন্তু আচমকা একজন আমার গলা চিপে ধরে গাড়িতে উঠতে বলে। আমি প্রতিবাদ করে ধাক্কা দিয়ে বের হয়ে আসতেই তারা আমাকে পাইপ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।’

নাঈম আরও জানান, হামলাকারীদের মধ্যে দু’জন পুলিশ সদস্য ও একজন পাঞ্জাবি পরিহিত ব্যক্তি ছিলেন, যিনি নিজেকে ডিবির সোর্স বা কর্মকর্তা পরিচয় দেন। ঘটনাস্থলে উপস্থিত শত শত মানুষ নাঈমের ক্রিকেটার পরিচয় নিশ্চিত করার পরও মারধর থামেনি। উল্টো ‘তুই আসামি, কথা বলবি না’ বলে তাকে ধমকাতে থাকে। পরবর্তীতে তাকে খুলশি থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নেওয়ার পর মোবাইল হাতে পেয়ে নাঈম দ্রুত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন। তামিম ইকবাল তাৎক্ষণিক খুলশি থানার ওসি এবং নাঈমের বাবার সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

এই বিষয়ে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘নাঈম হাসান অবশ্যই ন্যায়বিচার পাবেন। পুলিশ সদস্য যেই হোক না কেন, এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। কারণ এর সঙ্গে পুলিশের ভাবমূর্তি জড়িত। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা কাজ করছি, বর্তমান পরিস্থিতিতে কোনো অন্যায় বরদাশত করা হবে না।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘অভিযানের বিষয়ে এসআই শফিকুল ইসলাম আমাকে কিছু জানাননি। থানায় নিয়ে আসার পর ক্রিকেটার নাঈমের পরিচয় জানি। দুঃখ প্রকাশ করে সসম্মানে থানা থেকে তাকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।’

ওসি বলেন, ‘ঘটনার পর এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও অভিযানে থাকা আরেক কনস্টেবলকে তাৎক্ষণিক ক্লোজ করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি
উচ্চাভিলাষী লক্ষ্য, কঠিন বাস্তবতা
হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, মারা গেছেন ৫০
জাইমা রহমান বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা