নাঈম হাসানকে ওসি আরিফুর রহমান

‘চোখ নামিয়ে কথা বল’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ১৯:৩৭
অ- অ+

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান পুলিশের বিরুদ্ধে মারধর ও হেনস্তার অভিযোগ তুলেছেন। তার দাবি, চট্টগ্রামের খুলশী থানায় নেওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানও তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বারবার বলেন, ‘চোখ নামিয়ে কথা বল’।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নাঈম।

এ ঘটনায় ইতিমধ্যে এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।

নাঈমের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রামের লালখানবাজার ফ্লাইওভারের নিচে তার বহনকারী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। সেখানে দুই পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে থাকা একজন ব্যক্তি তাঁকে মারধর করেন।

নাঈম বলেন, ‘বিমানবন্দর থেকে সিএনজিতে বাসায় ফিরছিলাম। রাত ১১টা ২৫ মিনিটের দিকে লালখানবাজার ফ্লাইওভারের নিচে সিএনজি থামানো হয়। আমি পুলিশকে বলেছিলাম, প্রয়োজন হলে আমার ব্যাগ তল্লাশি করতে পারেন।’

তিনি অভিযোগ করেন, একপর্যায়ে তাকে গলা চেপে ধরে জোর করে একটি গাড়িতে তোলার চেষ্টা করা হয়। বাধা দিলে তাকে মারধর করা হয়। সেখানে উপস্থিত এক ব্যক্তি, যিনি পাঞ্জাবি পরা ছিলেন এবং নিজের পরিচয় দেননি, পাইপ দিয়ে আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি।

নাঈম বলেন, ‘আমি পরিচয়পত্র দেখিয়েছি। আশপাশের মানুষও আমার পরিচয় দিয়েছে। তারপরও তারা আমাকে মারছিল। বলছিল, তুমি আসামি, কথা বলবে না।’

ক্রিকেটারটির দাবি, ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হলেও নির্যাতন বন্ধ হয়নি। পরে তাকে একটি অটোরিকশায় তুলে অন্যত্র নেওয়ার চেষ্টা করা হয়। যদিও ঘটনাস্থলে পুলিশের গাড়ি ছিল।

নাঈমের অভিযোগ, পরে তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওসির কক্ষে ঘটনার বর্ণনা দেওয়ার সময় ওসি আরিফুর রহমান তাকে বারবার ‘চোখ নামিয়ে কথা বল’ বলে মন্তব্য করেন। তবে একটি ফোনকল পাওয়ার পর ওসির আচরণে পরিবর্তন আসে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর নিজের মোবাইল ফোন ফিরে পেয়ে নাঈম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন। পরে তামিম থানার ওসি ও নাঈমের বাবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।

ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন নাঈম। তিনি বলেন, ‘আমার জায়গায় যদি একজন সাধারণ মানুষ থাকতেন, তাহলে হয়তো কেউ এগিয়ে আসত না। মানুষের যদি পুলিশের কাছেই নিরাপত্তা না থাকে, তাহলে আর লাভ কী?’

গত পাঁচ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন নাঈম হাসান। তিনি আসন্ন জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও রয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের নতুন কমিটি গঠন
নতুন বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী
২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী
বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা