ইকুয়েডরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় আইভরি কোস্টের

শেষ মুহূর্তের নাটকীয় গোলে ইকুয়েডরের বিপক্ষে মূল্যবান জয় তুলে নিয়েছে আইভরি কোস্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার আমাদ দিয়ালো-এর ৮৯তম মিনিটের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে আফ্রিকার দলটি।
ম্যাচজুড়ে দুই দলই সমানতালে লড়াই করেছে। তবে প্রথমার্ধে ইকুয়েডর কিছুটা বেশি আক্রমণাত্মক ফুটবল খেললেও তাদের সেরা সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। অন্তত দুটি শট ক্রসবারে লেগে ফিরে আসে, পাশাপাশি আরও কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ নষ্ট করে লাতিন আমেরিকার দলটি।
অন্যদিকে, ২০২৩ সালের আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্টও আক্রমণে কম যায়নি। প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা।
বিরতির পরও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। দুই দলই আক্রমণ চালিয়ে গেলেও গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় গোলশূন্যই ছিল ম্যাচ। ফলে ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছিল।
তবে নির্ধারিত সময়ের এক মিনিট আগে ম্যাচের ভাগ্য গড়ে দেন দিয়ালো। ৮৯তম মিনিটে সিংগোর পাস পেয়ে বক্সের ভেতর থেকে কোণাকুণি শটে বল জালে জড়িয়ে দেন তিনি। তার সেই গোলেই উল্লাসে ফেটে পড়ে আইভরি কোস্ট শিবির।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে ইকুয়েডর। কিন্তু শেষ মুহূর্তের চাপ সামলে নিজেদের জাল অক্ষত রাখে আইভরি কোস্টের রক্ষণভাগ। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আফ্রিকার প্রতিনিধিরা।
এই জয়ে গ্রুপ ‘সি’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইভরি কোস্ট। তাদের পরবর্তী ম্যাচ গ্রুপের শীর্ষে থাকা জার্মানির বিপক্ষে।
(ঢাকাটাইমস/১৫ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































