মেসির তৃতীয় গোলে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে এগিয়ে

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই একের পর এক ইতিহাস গড়ছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তৃতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে নতুন কয়েকটি অনন্য রেকর্ডও নিজের করে নিয়েছেন এই তারকা ফুটবলার।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে ম্যাচটি শুরু হয়।
ম্যাচের ১৭তম মিনিটে মাঝমাঠ থেকে ডি পলের বাড়ানো বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের পাঁচটি ভিন্ন আসরে গোল করা দ্বিতীয় ফুটবলার হিসেবে নাম লেখান। এর আগে এই কীর্তি গড়েছিলেন রোনালদো।
এরপর ম্যাচের ৬০তম মিনিটে আবারও গোলের দেখা পান মেসি। নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর ৭২ মিনিটে মেসি আরও ১টি গোল করে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েন।
এদিন মাঠে নেমেই আরেকটি ঐতিহাসিক রেকর্ড গড়েন মেসি। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। এর আগে তিনি খেলেছেন ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে।
শুধু তাই নয়, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা তৃতীয় ফুটবলার হিসেবে নাম লেখান। এই তালিকায় তার আগে রয়েছেন রোনালদো এবং বাদের আল মুতাওয়াল।
বিশ্বকাপে গোলের ধারাবাহিকতাতেও অনন্য মেসি। তিনি ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে গোল করেছেন। একমাত্র ২০১০ বিশ্বকাপে গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন মহাতারকা।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো ১০ নম্বর জার্সি পরেই এবারও খেলছেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে সবচেয়ে বেশি আসরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরার রেকর্ডেও পেছনে ফেলেছেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে। ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন, আর মেসি খেলছেন পঞ্চমবারের মতো।
ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এবং জয়ের পথে দৃঢ় অবস্থানে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
(ঢাকাটাইমস/১৭ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































