উনদাভের জোড়া গোলে আইভরিকোস্টকে ২-১ হারিয়ে নকআউট পর্বে জার্মানি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ০৮:৩৪| আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:৪২
অ- অ+

আইভরিকোস্টের বিপক্ষে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে জার্মানি। ডেনিজ উনদাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। একের পর এক আক্রমণে আইভরিকোস্টের রক্ষণভাগকে চাপে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধে একবার বল জালে জড়ালেও ফাউলের কারণে সেটি বাতিল করে দেন রেফারি।

উল্টো ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় আইভরিকোস্ট। বক্সের ভেতরে জটলার মধ্যে ফিরতি বলে জোরালো শট নিয়ে গোল করেন ফ্রাঙ্ক কেসি। তার গোলে ১-০ ব্যবধানে লিড নেয় আফ্রিকান দলটি।

গোল হজমের পর আবারও আক্রমণের তীব্রতা বাড়ায় জার্মানি। কাই হাভার্টজ বল জালে পাঠালেও আগের একটি ফাউলের কারণে সেটিও বাতিল হয়। ফলে ১-০ গোলে পিছিয়েই বিরতিতে যায় জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও আইভরিকোস্টের রক্ষণভাগে এসে বারবার থেমে যাচ্ছিল তাদের প্রচেষ্টা। তবে ৬৮তম মিনিটে অবশেষে সমতা ফেরায় ইউরোপের দলটি। নাদিম আমিরির নিখুঁত ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ডেনিজ উনদাভ।

সমতায় ফেরার পরও জয়ের জন্য চাপ ধরে রাখে জার্মানি। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও নায়ক হয়ে ওঠেন উনদাভ। তার দ্বিতীয় গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি।

শেষ পর্যন্ত উনদাভের জোড়া গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জার্মানি। এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল জার্মানরা।

(ঢাকাটাইমস/২১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব বাবা দিবস আজ: ভালোবাসা, দায়িত্ব ও নির্ভরতার প্রতীক বাবার প্রতি শ্রদ্ধা
ঢাকাসহ দেশের ১৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফর শুরু আজ
সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করলো নেদারল্যান্ডস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা