সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করলো নেদারল্যান্ডস

ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলা ডাচরা ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইডেনকে। দলের হয়ে জোড়া গোল করেছেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো।
শনিবার (২০ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। উচ্চ প্রেসিং ও দ্রুতগতির আক্রমণে সুইডেনকে চাপে রাখে তারা। ম্যাচের মাত্র ৬ মিনিটে তিজানি রেইন্ডার্সের তৈরি করা আক্রমণ থেকে কোডি গাকপোর পাস পেয়ে কাছ থেকে বল জালে জড়ান ব্রায়ান ব্রবি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা।
প্রথম গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে নেদারল্যান্ডস। ডেনজেল ডামফ্রিস ও ডনিয়েল মালেন ডান প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ চালিয়ে সুইডিশ রক্ষণে ভীতি ছড়ান। ম্যাচের ১৭ মিনিটে তাদের সমন্বিত আক্রমণ থেকেই আসে দ্বিতীয় গোল। ডামফ্রিস ও মালেনের তৈরি সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ব্রবি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সুইডেন। প্রথমার্ধের শেষ দিকে কয়েকটি সুযোগও তৈরি করে তারা। ৪৫ মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। পরে গিওকেরেসের শক্তিশালী ফ্রি-কিক এবং ইয়াসিন আয়ারির নিচু শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও আঘাত হানে ডাচরা। ম্যাচের ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। এরপর ৫৪ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন তিনি।
ম্যাচের ৫৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এক গোল শোধ করে সুইডেন। বদলি হিসেবে নামা অ্যান্থনি এলাঙ্গা নেদারল্যান্ডসের জালে বল জড়িয়ে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত ম্যাচে ফেরার কোনো সুযোগ পায়নি সুইডিশরা।
উল্টো ম্যাচের ৮৯ মিনিটে ক্রিসেনসিও সামারভিল গোল করে সুইডেনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। তার গোলে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।
এই জয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়ে নকআউটের পথে শক্ত অবস্থান তৈরি করেছে ডাচরা।(ঢাকাটাইমস/২১ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































