গোলশূন্য লড়াইয়ে বেলজিয়ামকে থামিয়ে দিল ইরান

বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত রক্ষণাত্মক নৈপুণ্য দেখিয়ে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়েছে ইরান। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি বেলজিয়াম। ফলে সোমবার (২২ জুন) লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, লিয়ান্দ্রো ত্রোসার্ড ও ম্যাক্সিম ডি কুইপারের নেতৃত্বে একের পর এক আক্রমণে ইরানের রক্ষণভাগকে চাপে রাখে ইউরোপের দলটি।
তবে বেলজিয়ামের সব আক্রমণের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ। ম্যাচে বেলজিয়াম ২৩টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। কিন্তু বেইরানভান্দের অসাধারণ ৭টি সেভে কোনো বলই জালে জড়াতে পারেনি।
ম্যাচের তৃতীয় মিনিটেই ফাউল করে হলুদ কার্ড দেখেন বেলজিয়ামের তারকা স্ট্রাইকার রমেলু লুকাকু। এরপর বেলজিয়ামের চাপ সামলে পাল্টা আক্রমণের কৌশল নেয় ইরান।
২৫তম মিনিটে ইরান সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান ফরোয়ার্ড মেহদি তারেমি। ফ্রি-কিক থেকে এহসান হাজসাফির পাস ধরে বেলজিয়ামের জালে বল পাঠান তিনি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর অফসাইডের সিদ্ধান্ত দিলে গোলটি বাতিল হয়ে যায়।
প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। ৩২তম মিনিটে ফাউলের দায়ে হলুদ কার্ড দেখেন ইরানের সাঈদ এজাতোলাহি।
বিরতির পর ম্যাচের ৬৬তম মিনিটে বড় ধাক্কা খায় বেলজিয়াম। ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। সংখ্যাগত সুবিধা পেয়ে ইরান আক্রমণের গতি বাড়ালেও গোল আদায় করতে পারেনি।
শেষ পর্যন্ত দুই দলের কেউই জয়ের গোল খুঁজে না পাওয়ায় গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করে ইরান, আর বেলজিয়ামকে সন্তুষ্ট থাকতে হয় হতাশার ড্র নিয়ে।
(ঢাকাটাইমস/২২ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































