উরুগুয়েকে ২-২ গোলে রুখে নকআউট স্বপ্ন বাঁচিয়ে রাখল কেপ ভার্দে

বিশ্বকাপে নিজেদের রূপকথার যাত্রা অব্যাহত রেখেছে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে। স্পেনের পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকেও ২-২ গোলে রুখে দিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে আফ্রিকার দেশটি।
হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে দারুণ লড়াই করে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয় কেপ ভার্দে। ম্যাচের আগে দুই দলেরই সংগ্রহ ছিল ১ পয়েন্ট করে।
প্রথম ম্যাচে ৪০ বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়ার অসাধারণ পারফরম্যান্সে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল কেপ ভার্দে। এবার আরও এক শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ের বিপক্ষেও দুর্দান্ত লড়াই উপহার দিল তারা।
ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল ছিল উরুগুয়ের। তারা ১৭টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র দুটি, আর সেই দুটি থেকেই আসে গোল। অন্যদিকে কেপ ভার্দে ১২টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে ছিল উরুগুয়ে। তবে কার্যকর আক্রমণে পিছিয়ে থাকা দলটি ২১তম মিনিটে পিছিয়ে পড়ে। বক্সের বাইরে থেকে নেওয়া কেভিন পিনার দুর্দান্ত ফ্রি-কিক উরুগুয়ের জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কেপ ভার্দে।
এবারের বিশ্বকাপে এটি ছিল সরাসরি ফ্রি-কিক থেকে দ্বিতীয় গোল। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করল উরুগুয়ে। কেভিন পিনা আফ্রিকার তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করার কীর্তি গড়েন। এছাড়া ১৯ বছর পর আবারও সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করল উরুগুয়ে।
গোল হজমের ধাক্কা দ্রুত সামলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। ৪৪তম মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতায় ফেরে উরুগুয়ে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আগুস্তিন কানোবিও গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি কেপ ভার্দে। উরুগুয়ের এক ডিফেন্সিভ ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৬১তম মিনিটে দারুণ এক গোল করেন হেলো ভারেলা। তার গোলে ম্যাচে আবারও সমতা ফেরে।
বাকি সময়ে উভয় দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।
বিশ্বকাপে নিজেদের প্রথম আসরে দ্বিতীয় ম্যাচেই দুটি গোল করার কৃতিত্ব দেখাল কেপ ভার্দে। স্পেন ও উরুগুয়ের মতো দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টানা ড্র করে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানও জানান দিল আফ্রিকার ক্ষুদ্র দেশটি।
(ঢাকাটাইমস/২২ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































