নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর

অবশেষে বিশ্বকাপের মঞ্চে জয়ের স্বাদ পেল মিশর। দীর্ঘ ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে উত্তর আফ্রিকার দেশটি।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছেন মোহাম্মদ সালাহরা। এক গোল পিছিয়ে থেকেও তিন গোল করে জয় নিশ্চিত করে মিশর।
ম্যাচের শুরুটা অবশ্য সুখকর ছিল না মিশরের জন্য। ১৫তম মিনিটে কর্নার থেকে আসা বলে দারুণ এক হেডে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার ফিন সারম্যান। গোল হজমের পর বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি মিশর।
বিরতিতে ১-০ গোলে পিছিয়ে থাকা আফ্রিকার দলটি দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ঘুরে দাঁড়ায়। ৫৮তম মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির নিখুঁত ক্রসে উড়ে গিয়ে শক্তিশালী হেডে গোল করেন মোস্তাফা জিকো। তার গোলে ম্যাচে সমতা ফেরে মিশর।
সমতায় ফেরার মাত্র নয় মিনিট পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। ৬৭তম মিনিটে দ্রুতগতির এক আক্রমণে মোস্তাফা জিকোর পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে নিউজিল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। সালাহর গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় মিশর।
লিড পাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মিশর। ৮২তম মিনিটে সালাহর নেওয়া কর্নার থেকে বদলি হিসেবে মাঠে নামা ত্রেজেগে হেডে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি নিউজিল্যান্ড।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে মিশর শিবির। কারণ এই জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, ভেঙেছে প্রায় এক শতাব্দীর অপেক্ষাও।
১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া মিশর এর আগে ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপেও খেলেছিল। তবে প্রথম আট ম্যাচে কোনো জয় পায়নি দলটি। অবশেষে নবম ম্যাচে এসে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো জয়ের দেখা পেল তারা।
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মিশর। অন্যদিকে নিউজিল্যান্ড ইরানের বিপক্ষে ২-২ গোলে সমতা করেছিল। এই জয়ে ‘জি’ গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করল সালাহর দল।
(ঢাকাটাইমস/২২ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































