বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২৪ জুন ২০২৬, ১৭:৩১
অ- অ+

দুই ম্যাচে চার গোল করে দারুণ ছন্দে আছেন আরলিং হালান্ড। তার নেতৃত্বে ২৮ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। তবে নিজেদের সাফল্যে ভেসে না গিয়ে বাস্তবতার কথাই বলছেন নরওয়ের এই তারকা ফুটবলার। তার মতে, এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স।

সেনেগালকে ৩–২ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করার পর ফ্রান্সের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ নিয়ে কথা বলেন হালান্ড। সেখানে প্রতিপক্ষকেই এগিয়ে রাখেন তিনি।

হালান্ড বলেন, ‘আমরা তো ইতিমধ্যে পরের পর্বে উঠেছি। তবে এই ম্যাচে সম্ভবত ওরাই আমাদের হারাবে, আর পুরো আসরও জিতবে।’

হালান্ডের এমন মন্তব্য অনেককে অবাক করেছে। কারণ নরওয়ে বর্তমানে টানা ১২টি প্রতিযোগিতামূলক ম্যাচে জয় পেয়েছে। বিশ্বকাপেও প্রথম দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। তবু নিজেদের সামর্থ্য নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখাতে রাজি নন তিনি।

২৫ বছর বয়সী এই ফুটবলারের মতে, দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে এসে দ্বিতীয় পর্ব নিশ্চিত করাটাই নরওয়ের জন্য বড় অর্জন।

হালান্ড বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলাটা আমার কাছে সব সময়ই বিশেষ কিছু। আমরা প্রতিনিয়ত ইতিহাস গড়ছি এবং নরওয়ের মানুষ হতে আমি গর্বিত।’

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার গোল করেছেন হালান্ড। একই সংখ্যক গোল রয়েছে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাদের দুজনের ওপরে আছেন লিওনেল মেসি, তার গোলসংখ্যা পাঁচ।

সে কারণে ফ্রান্স–নরওয়ে ম্যাচটি শুধু গ্রুপসেরা নির্ধারণের লড়াই নয়, সর্বোচ্চ গোলদাতার প্রতিযোগিতাতেও বাড়তি গুরুত্ব পাচ্ছে।

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন হালান্ড। তার চোখে বর্তমান ফ্রান্সই আসরের সবচেয়ে শক্তিশালী দল। সে কারণেই ম্যাচের আগেই প্রতিপক্ষকে বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার হিসেবে উল্লেখ করেছেন তিনি।

এখন দেখার বিষয়, হালান্ডের এই ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না, নাকি মাঠের খেলায় চমক দেখিয়ে নরওয়েই বদলে দেয় সব হিসাব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
তামাক নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা