ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২৪ জুন ২০২৬, ২০:১৪| আপডেট : ২৪ জুন ২০২৬, ২০:২০
অ- অ+

গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচে ব্রাজিলের যেমন অভিজ্ঞতা আর পরিসংখ্যানের দাপট থাকবে, তেমনি প্রথমবার নকআউটে ওঠার স্বপ্নকে বাস্তব করতে লড়াই করবে স্কটল্যান্ড।

যদিও অপ্টার সুপার কম্পিউটার ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে ব্রাজিলকেই এগিয়ে রাখছে। তাদের হিসাব অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৬ শতাংশ। স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা ১২.২ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ১৮.২ শতাংশ।

গ্রুপ ‘সি’-তে অন্তত তৃতীয় স্থান নিশ্চিত করেছে স্কটল্যান্ড। শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই নকআউট পর্বে ওঠার পথ প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের জন্য। এমনকি অল্প ব্যবধানে হারলেও ভাগ্যের সহায়তায় টিকে থাকার সুযোগ রয়েছে।

হাইতিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে মরক্কোর কাছে ১-০ ব্যবধানে হেরে যায় তারা। এখন লক্ষ্য, প্রথমবারের মতো বড় টুর্নামেন্টে একাধিক জয় নিশ্চিত করা। তবে পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে এখনো কোনো দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে জয় পায়নি স্কটল্যান্ড।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত শীর্ষে আছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে শক্ত অবস্থানে তারা। হাইতির বিপক্ষে ম্যাচে কুনহা ও ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় জার্মানিকে ছাড়িয়েছে ব্রাজিল। এখন তাদের মোট গোল ২৪১টি।

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের রেকর্ডও দাপুটে। ১৯৭৪ সালের পর থেকে তিনটি জয় এবং একটি ড্র করেছে তারা। ফলে সবকিছু বিবেচনায় বেশ এগিয়ে কার্লো আনচেলত্তির দল। পাশাপাশি ব্রাজিলের আক্রমণভাগের শক্তি বাড়াতে এই ম্যাচে যোগ দিচ্ছেন নেইমার জুনিয়র।

স্কটল্যান্ডের হয়ে নজর থাকবে তরুণ উইঙ্গার বেন গ্যানন-ডোকার এবং মিডফিল্ডার লুইস ফার্গুসনের ওপর। বিশেষ করে ফার্গুসন এখন পর্যন্ত ট্যাকল ও ডুয়েলে দলের শীর্ষে আছেন। ইনজুরি সমস্যা থাকলেও স্কটল্যান্ড শিবির বেশ আত্মবিশ্বাসী। ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ঢাকা রেঞ্জ ডিআইজিকে ছাত্রলীগের পেজ থেকে হুমকি!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা