উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে পরাজয়ের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে।
মেক্সিকোর স্তাদিও গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে স্পেন। ৪-২-৩-১ ফরমেশনে খেলা দলটি ম্যাচজুড়ে ৬৭ শতাংশ বলের দখল ধরে রেখে উরুগুয়ের রক্ষণভাগে ধারাবাহিক চাপ সৃষ্টি করে।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ৪২তম মিনিটে। উরুগুয়ের ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে ডান প্রান্ত থেকে নিচু ক্রস দেন মার্কোস লরেন্তে। সেই পাস থেকে নেওয়া অ্যালেক্স বায়েনার কোনাকুনি শট গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তার হাত ফসকে বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করেছিল স্পেন। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন দানি ওলমো। তিন মিনিট পরই লামিন ইয়ামালের চমৎকার পাস থেকে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
ম্যাচের শেষ ১০ মিনিটে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় উরুগুয়ে। ৮২তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা আক্রমণ থেকে মাথিয়াস অলিভেরা দলের প্রথম লক্ষ্যে থাকা শট নেন। তবে স্পেন গোলরক্ষক উনাই সিমোন কর্নারের বিনিময়ে বিপদ সামাল দেন।
এর চার মিনিট পর সমতার আরও একটি সুযোগ তৈরি করে উরুগুয়ে। নিকোলাস দে লা ক্রুজের জোরালো শটও দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন উনাই সিমোন।
ম্যাচের ইনজুরি সময়ে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন উরুগুয়ের মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। এতে পরাজয়ের হতাশা আরও বাড়ে দক্ষিণ আমেরিকার দলটির।
অন্যদিকে একই সময়ে কেপ ভার্দে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে। টানা তিন ম্যাচ ড্র করেও শেষ ৩২-এ জায়গা করে নেওয়া দলটি পরের রাউন্ডে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
এই জয়ের মাধ্যমে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠলেও স্পেনের সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অন্যদিকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হওয়ায় উরুগুয়ের বিশ্বকাপ অভিযান শেষ হলো হতাশার মধ্য দিয়ে।
(ঢাকাটাইমস/২৭ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































