দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই

দেশের ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা নেই। এ বিষয়ে করা মামলার ওপর আজ বৃহস্পতিবার (২ জুলাই) আপিল বিভাগ চূড়ান্ত রায় প্রদান করেছে।
রায়ের ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম এখন থেকে এগিয়ে নিতে আর কোনো আইনি জটিলতা থাকছে না বলে জানা গেছে।
এর আগে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট নিরসনে ৩২ হাজার ৫০০টি পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে সেই নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে চলমান এই জটিলতা নিরসনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছিল।
সর্বশেষ আপিল বিভাগের রায়ের পর এখন নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার পথ খুলে গেল বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
(ঢাকাটাইমস/২ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































