ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ও ক্ষমা চাইতে নোটিশ

‘বাংলাদেশের সব ফ্যাসিস্ট, টাউট ও ক্রিমিনাল তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়’- এমন বক্তব্যের জন্য আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ও ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ও সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরাবরে এ নোটিশ পাঠান।
নোটিশে ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ন করার দায়ে ক্ষতিপূরণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে একশো কোটি টাকা মাত্র জমা দিতে বলা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, গত ১ জুলাই ঢাকসু কার্যালয়ে আয়োজিত ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনায় ব্যারিস্টার ফুয়াদ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও অনুষদ সদস্যদের নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
নোটিশে দাবি করা হয়, এই বক্তব্যের কারণে লাখো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করেছে।
নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তিনটি দাবি পূরণের আহ্বান জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান।
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে।
আইনজীবী তনয় কুমার সাহা জানান, গত ২ জুলাই ইমেইলের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/৪ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































