‘মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে’, বিশ্বকাপ বিতর্কে সরব নিউইয়র্কের মেয়র মামদানি

বিশ্বকাপে মিশরের বিতর্কিত বিদায়ের ঘটনায় এবার মুখ খুলেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে।’ তার এই বক্তব্য বিশ্বকাপের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর থেকেই ম্যাচ পরিচালনা ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে মিশর। পরে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জমা দেয়।
বুধবার (৯ জুলাই) নিউইয়র্কে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ কর্মসূচি ঘোষণা করার সময় বিশ্বকাপের ওই বিতর্ক প্রসঙ্গে কথা বলেন মেয়র মামদানি। গণপরিবহন ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সময় বাঁচবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে এবং বন্ধুদের সঙ্গে একমত হতে পারবে যে, ‘গতকাল মিশরকে ছিনতাই করা হয়েছে।’
মামদানির এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
বিতর্কের মূল ঘটনা ঘটে ম্যাচের ৫৮তম মিনিটে। তখন ১-০ গোলে এগিয়ে ছিল মিশর। মোস্তফা জিকোর করা গোল ভিএআরের পরামর্শে বাতিল করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। রেফারির সিদ্ধান্ত ছিল, গোল হওয়ার ২০ সেকেন্ডের বেশি আগে মিশরের খেলোয়াড় মারাওয়ান আতিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন।
গোল বাতিলের পর ম্যাচের চিত্র বদলে যায়। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় পায় আর্জেন্টিনা এবং কোয়ার্টার ফাইনালে উঠে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফরাও ক্ষোভ প্রকাশ করেন। গোলদাতা মোস্তফা জিকো রেফারিংকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেন। প্রধান কোচ হোসাম হাসান অভিযোগ করেন, ম্যাচটি ‘স্পষ্টভাবে সাজানো’ ছিল।
এরপর রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার ম্যাচ পরিচালনাকারী দলের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।
(ঢাকাটাইমস/৯ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































