৩৪ ম্যাচের অপরাজিত যাত্রা থামল মরক্কোর

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে শেষ হলো মরক্কোর টানা ৩৪ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড। এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশামের দল।
শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি ফ্রান্স। ২৫তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।
বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। ৬০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। ছয় মিনিট পর এমবাপ্পের তৈরি করা সুযোগ থেকে ডি-বক্সের ঠিক বাইরে বল পেয়ে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মরক্কো। ২-০ গোলের জয় নিয়ে শেষ চার নিশ্চিত করে ফ্রান্স। একই সঙ্গে শেষ হয় মরক্কোর টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































