স্পেনের নাটকীয় জয়, বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে

বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ম্যাচের শেষ মুহূর্তে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল মেরিনো। তার গোলে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় স্পেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পাচ্ছিল না দলটি। অবশেষে ৩০তম মিনিটে এগিয়ে যায় স্পেন। দারুণ এক আক্রমণে প্রথমে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া দানি ওলমোর শট রুখে দেন। তবে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ।
গোল হজমের পর পাল্টা আক্রমণে ওঠে বেলজিয়াম। ৩৬তম মিনিটে স্পেন একটি ফ্রি-কিক পেলেও লামিন ইয়ামালের শক্তিশালী শট সহজেই প্রতিহত করেন কোর্তোয়া।
এরপর ৪১তম মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন চার্লস ডি কেটেলারে। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে স্পেন। এক পর্যায়ে একক সুযোগ পেয়েও গোল করতে পারেননি ইয়ামাল। তার শটও দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন কোর্তোয়া।
তবে ম্যাচের ৭২তম মিনিটে বেলজিয়ামের জন্য বড় ধাক্কা আসে। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কোর্তোয়া। আবেগাপ্লুত হয়ে মাঠ ত্যাগ করেন তিনি। তার পরিবর্তে গোলবারের দায়িত্ব নেন সেনে লামেন্স।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে স্পেনের জয়সূচক গোল। ৮৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা মেরিনো ৮৮তম মিনিটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে স্পেন।
এই জয়ের ফলে সেমিফাইনালে জায়গা করে নিল স্পেন। আর বেলজিয়ামের টুর্নামেন্ট যাত্রা শেষ হলো কোয়ার্টার ফাইনাল থেকেই।
(ঢাকাটাইমস/১১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































