বিশ্বকাপ ফুটবলে প্রাইজমানি ঘোষণা ফিফা’র, খেললেই ১২.৫ মিলিয়ন ডলার, চ্যাম্পিয়ন হলে পাবে ৫০ মিলিয়ন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, ০৯:৩১
অ- অ+

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু শ্রেষ্ঠত্বের লড়াই নয়, বরং বিপুল অঙ্কের অর্থ পুরস্কারেরও প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে সেই অর্থের পরিমাণ পৌঁছেছে নতুন উচ্চতায়। ৪৮ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এ আসরের জন্য রেকর্ড ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা।

৩৯ দিনব্যাপী টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। দল ও ম্যাচসংখ্যা বাড়ার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আর্থিক পুরস্কারও। ফিফা প্রথমে মোট ৭২৭ মিলিয়ন ডলার প্রাইজমানির ঘোষণা দিলেও পরে অংশগ্রহণ ফি ও প্রস্তুতি ভাতা বাড়িয়ে মোট পুরস্কারের পরিমাণ ৮৭১ মিলিয়ন ডলারে উন্নীত করে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ হাজার ৭৪৬ কোটি টাকা।

প্রাইজমানির ৮৭১ মিলিয়ন ডলারের মধ্যে পারফরম্যান্সভিত্তিক পুরস্কার হিসেবে বরাদ্দ রাখা হয়েছে ৬৫৫ মিলিয়ন ডলার। বাকি ২১৬ মিলিয়ন ডলার ব্যয় হবে প্রস্তুতি, ভ্রমণ, আবাসন, লজিস্টিকস ও প্রতিনিধি দল পরিচালনার মতো খাতে। এসব অর্থ সরাসরি খেলোয়াড়দের কাছে না গিয়ে সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে যাবে।

ফিফার ঘোষণায় বলা হয়েছে, বিশ্বকাপে জায়গা করে নেওয়া প্রতিটি দল নিশ্চিতভাবে পাবে ১০ মিলিয়ন ডলার কোয়ালিফিকেশন ফি এবং ২ দশমিক ৫ মিলিয়ন ডলার প্রস্তুতি ও প্রশাসনিক ব্যয় বাবদ। অর্থাৎ মাঠে নামার আগেই প্রতিটি দলের আয় নিশ্চিত ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পারফরম্যান্সভিত্তিক পুরস্কার হিসেবে পাবে ৫০ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অধিকারী দল ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ২৭ মিলিয়ন ডলার।

কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দলগুলো পাবে ১৯ মিলিয়ন ডলার করে। কোয়ালিফিকেশন ও প্রস্তুতি বাবদ পাওয়া ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার যোগ করলে তাদের মোট প্রাপ্তি দাঁড়াবে ৩১ দশমিক ৫ মিলিয়ন ডলার।

শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৫ মিলিয়ন ডলার। ফলে তাদের মোট আয় হবে ২৭ দশমিক ৫ মিলিয়ন ডলার। অন্যদিকে রাউন্ড অব ৩২ থেকে বাদ পড়া দলগুলো পাবে ১১ মিলিয়ন ডলার করে, যা যোগ হয়ে মোট প্রাপ্তি দাঁড়াবে ২৩ দশমিক ৫ মিলিয়ন ডলার।

এমনকি গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও কোনো দল খালি হাতে ফিরবে না। গ্রুপ পর্বে বাদ পড়া প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার অতিরিক্ত পুরস্কার। ফলে তাদের মোট প্রাপ্তি হবে ২১ দশমিক ৫ মিলিয়ন ডলার।

ফিফা জানিয়েছে, প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের ফলে সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, টিকিট বিক্রি ও বাণিজ্যিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই অতিরিক্ত আয়ের বড় একটি অংশ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বণ্টন করতেই এবারের বিশ্বকাপের প্রাইজমানি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হবে কোন দল, জানালো সুপার কম্পিউটার
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের মুহুর্মুহু হামলা, নতুন সংঘাতের শঙ্কা
ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত ব্যাংককের বার, নিহত ২৭
ঢাকাসহ দেশের ৫ বিভাগে ৬০ কিমি বেগে ঝড় ও অতিভারি বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা