বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হবে কোন দল, জানালো সুপার কম্পিউটার

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর শেষ চারে জায়গা করে নিয়েছে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। ১০০ ম্যাচের রোমাঞ্চ, নাটকীয়তা ও অঘটনের পর এখন শিরোপার লড়াইয়ে টিকে আছে এই চার শক্তিশালী দল।
শেষ চার আসরের মধ্যে তিনবার বিশ্বকাপ জিতেছে সেমিফাইনালে ওঠা দলগুলো। ২০১০ সালে স্পেন, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ইংল্যান্ডের অপেক্ষা দীর্ঘ ৬০ বছরের। ১৯৬৬ সালে নিজেদের মাটিতে একমাত্র বিশ্বকাপ জয়ের পর এবার দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে থ্রি লায়ন্সরা।
১৯৭০ ও ১৯৯০ সালের পর এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে থাকা চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। ফলে শেষ চারও পেয়েছে বাড়তি উত্তেজনা।
এদিকে অপটা সুপারকম্পিউটারের বিশ্লেষণে এবারের বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। কম্পিউটার বিশ্লেষণ অনুযায়ী, ফরাসিদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭ দশমিক ০৭ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ।
সম্ভাবনার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। লা রোহাদের ফাইনালে খেলার সম্ভাবনা ৪২ দশমিক ০৩ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৩ দশমিক ০৪ শতাংশ।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়েও আশাবাদী সুপারকম্পিউটার। লিওনেল মেসিদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯ দশমিক ০১ শতাংশ। তবে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২০ দশমিক ০৬ শতাংশ।
অন্যদিকে দীর্ঘ অপেক্ষার অবসানের স্বপ্ন দেখা ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ০৯ শতাংশ বলে জানিয়েছে সুপারকম্পিউটার। তবে হ্যারি কেইনদের শিরোপা জয়ের সম্ভাবনা ২১ দশমিক ০৯ শতাংশ।
তবে পরিসংখ্যান ও কম্পিউটারের পূর্বাভাস মাঠের বাস্তবতার নিশ্চয়তা নয়। ফুটবলের বড় মঞ্চে শেষ মুহূর্তের পারফরম্যান্স, কৌশল ও ভাগ্যই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ২০২৬ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন কে হবে।
(ঢাকাটাইমস/১৩ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































