কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া

বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটির সভাপতি করা হয়েছে অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সাবহান (সিআইপি)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জোবায়ের ইসলাম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক করা হয়েছে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী সাবেক কারাতে খেলোয়াড় সৈয়দ নুরুজ্জামানকে।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান (এনডিসি) স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।
ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কারাতে ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে প্রথমবারের মতো সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন স্বপ্নসিঁড়ি হাউজিং লিমিটেডের চেয়ারম্যান ও ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ক্রীড়া সংগঠক মো. জোবায়ের ইসলাম ভূঁইয়া।
সরকারি আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ কারাতে ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্য পূরণে বিদ্যমান অ্যাডহক কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এ কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ [সংশোধন] আইন, ২০২৬-সহ)–এর ২১ ধারায় পরিষদের ওপর অর্পিত ক্ষমতা এবং ২(৪) ও ২(৮) ধারায় বর্ণিত চেয়ারম্যানের ক্ষমতাবলে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
সহ-সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় মো. জোবায়ের ইসলাম ভূঁইয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কমিটির ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও গুরুত্বের সঙ্গে পালন করে দেশের কারাতে অঙ্গনের উন্নয়নে কাজ করবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































