১৬ বছর পর বিশ্বকাপ ট্রফির সঙ্গে ৫০ মিলিয়ন ডলারও জিতল স্পেন

১৬ বছর পর আবারও বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
ফাইনালজুড়ে স্পেনের রদ্রি, মার্ক কুকুরেয়া ও পাও কুবারসিরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনার আক্রমণভাগকে কার্যত নিষ্ক্রিয় করে রাখেন। ম্যাচ শেষে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন অধিনায়ক রদ্রি ট্রফি গ্রহণ করেন।
বর্তমান বাজার মূল্যে শুধু এই ট্রফিটির স্বর্ণের মূল্যই প্রায় দেড় লাখ মার্কিন ডলার। তবে এর ঐতিহ্য ও ইতিহাসের মূল্য আর্থিক মূল্য থেকে অনেক বেশি। ট্রফিটি তৈরি হয়েছে ১৮ ক্যারেটের স্বর্ণ দিয়ে, যার ওজন ৫ কেজি। এছাড়া, ট্রফিটির একটি ম্যালাকাইট ভিত্তি রয়েছে যার উচ্চতা ১৩ সেন্টিমিটার। মোট উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার এবং ওজন ৬.১ কেজি।
শিরোপা জয়ের পাশাপাশি বড় অঙ্কের অর্থপুরস্কারও পেয়েছে স্পেন। নতুন বিশ্বচ্যাম্পিয়ন দলটি পেয়েছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৬ কোটি ২৫ লাখ টাকার সমান। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর স্পেন পেয়েছিল ৩০ মিলিয়ন ডলার।
অন্যদিকে রানার্সআপ আর্জেন্টিনা পেয়েছে ৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৬ কোটি ৭২ লাখ টাকা। এর আগে ২০২২ সালের বিশ্বকাপ জিতে দলটি ৪২ মিলিয়ন ডলার পুরস্কার পেয়েছিল।
তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ড পেয়েছে ২৯ মিলিয়ন মার্কিন ডলার, আর চতুর্থ হওয়া ফ্রান্সের প্রাপ্তি ২৭ মিলিয়ন ডলার।
এবারের ৪৮ দলের বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দলই খালি হাতে ফেরেনি। কোয়ার্টার ফাইনালে ওঠা প্রতিটি দল পেয়েছে ১৯ মিলিয়ন ডলার, শেষ ষোলোতে ওঠা দলগুলো পেয়েছে ১৫ মিলিয়ন ডলার, শেষ ৩২-এর দলগুলো ১১ মিলিয়ন ডলার এবং গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দলও পেয়েছে ৯ মিলিয়ন মার্কিন ডলার করে।
বিশ্বকাপ জয়ের মাধ্যমে স্পেন শুধু ফুটবলের সর্বোচ্চ সম্মানই অর্জন করেনি, পাশাপাশি ইতিহাসের অন্যতম বড় অর্থপুরস্কারও নিজেদের করে নিয়েছে।
(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































