বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতলেন স্পেনের গোলকিপার উনাই সিমন

বিশ্বকাপের মঞ্চে গোলদাতাদের পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন গোলরক্ষকরাও। দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।
পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করেছেন ২৯ বছর বয়সী এই গোলকিপার। স্পেনের দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পথে তার অসাধারণ গোলরক্ষণ ছিল অন্যতম বড় শক্তি।
সোমবার (২০ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। শিরোপা জয়ের ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিমন। তার নিরাপদ গোলপোস্ট স্পেনের জয়ের পথ আরও মসৃণ করে।
এবারের বিশ্বকাপে উনাই সিমন গড়েছেন নতুন এক রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩-০ গোলের জয়ে ক্লিনশিট ধরে রেখে বিশ্বকাপে টানা ৫১৯ মিনিট গোল না খাওয়ার নতুন রেকর্ড গড়েন তিনি।
এর আগে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে দেশটির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে রেকর্ডটি ধরে রেখেছিলেন। দীর্ঘ ৩৬ বছর পর সেই রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসে নতুন নজির স্থাপন করলেন সিমন।
এই তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটন। তার টানা গোল না খাওয়ার রেকর্ড ছিল ৫০০ মিনিট।
সিমনের এই দুর্দান্ত যাত্রা শুরু হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপ থেকেই। জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে আও তানাকার গোলের পর আর কোনো প্রতিপক্ষ তার জালে বল পাঠাতে পারেনি। এরপর ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে নিজের পোস্ট অক্ষত রাখেন তিনি।
বিশ্বকাপের রেকর্ডের পাশাপাশি স্পেনের ফুটবল ইতিহাসেও নতুন অধ্যায় যোগ করেছেন সিমন। এর আগে বিশ্বকাপে স্পেনের হয়ে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড ছিল ইকার কাসিয়াসের। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে কাসিয়াসের ৪৭৭ মিনিটের রেকর্ডও এখন ছাড়িয়ে গেছেন সিমন।
(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































