কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, ১০:৫৮
অ- অ+

জুলাই আন্দোলনকেন্দ্রিক তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় এজাহারে নাম থাকলেও সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি—যা নিয়ে আইনি মহলে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মোট আটটি মামলা রয়েছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। এর মধ্যে ওয়ারী থানার একটি প্রতারণা মামলা ছাড়া বাকি সাতটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

তবে তার বিরুদ্ধে থাকা আট মামলার মধ্যে ওয়ারী থানার প্রতারণা মামলা এবং যাত্রাবাড়ী ও বাড্ডা থানার দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। অন্যদিকে, রামপুরা থানার একটি হত্যা মামলা এবং বাড্ডা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও বনানী থানার চারটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

এর আগে, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এরপর প্রায় ১১ মাস তিনি কারাগারে ছিলেন।

গ্রেপ্তারের পর প্রথমে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে বাড্ডা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলার তদন্ত শেষে তার অব্যাহতির সুপারিশ করা হয়। এরপর ওয়ারী থানার প্রতারণা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

হত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তৌহিদ আফ্রিদি। পরে আপিল বিভাগ সেই জামিন বহাল রাখেন। সর্বশেষ ২১ জুলাই ওয়ারী থানার প্রতারণা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

তৌহিদ আফ্রিদির আইনজীবী জানান, সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, কারাগারে থাকা অবস্থায় কোনো আসামির বিরুদ্ধে এজাহারভুক্ত অন্য মামলায় গ্রেপ্তার না দেখানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।

তবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, কোনো মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানো বাধ্যতামূলক নয়। তদন্তের প্রয়োজন অনুযায়ী পুলিশ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। তার মতে, আসামি জামিনে মুক্ত হলেও মামলার তদন্ত কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হবে না।

কারা অধিদপ্তরের মিডিয়া উইং জানিয়েছে, আদালতের দেওয়া জামিনের নথিপত্র যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তৌহিদ আফ্রিদিকে মুক্তি দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও প্রাণঘাতী করোনাভাইরাস চোখ রাঙাচ্ছে, পাবনায় স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৮ জন
ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র
ভারতে ছাত্র আন্দোলনের নতুন মোড়, এবার সরকার পতনের ডাক
ভিসা ছাড়াই এশিয়ার ৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা