‘ক্রসফায়ারে’ একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রবিবার সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হয়।
২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়া এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনবারের নির্বাচিত কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক নিহত হন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাটি মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।
তবে ঘটনার পর একরামুলের স্ত্রী আয়েশা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
ঘটনার কয়েক দিন পর আয়েশা বেগম গণমাধ্যমের কাছে একরামুলের মোবাইল ফোনে ধারণ করা কয়েকটি অডিও রেকর্ড প্রকাশ করেন। সেসব অডিওতে গুলির শব্দ, ট্রিগার চাপার শব্দ এবং একজন আহত ব্যক্তির গোঙানির শব্দ শোনা যায় বলে সে সময় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
দীর্ঘ তদন্ত শেষে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলো। এখন ট্রাইব্যুনাল প্রতিবেদনটি পর্যালোচনা করে পরবর্তী আইনি কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































