মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মাওলানা আবুল কালাম আযাদের আপিলের শুনানি আজ

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের খালাস চেয়ে করা আপিলের শুনানি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট) আপিল বিভাগের প্রকাশিত কার্যতালিকায় তার আপিলটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
এর আগে মাওলানা আবুল কালাম আযাদের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় খালাস চেয়ে আপিল আবেদন করেন। বর্তমানে ওই আপিলের শুনানির অপেক্ষায় রয়েছে।
পলাতক অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি মাওলানা আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি ছিল প্রথম রায়।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অভিযোগ অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল আবুল কালাম আযাদের বিরুদ্ধে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার আগে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচিতি পান তিনি। তিনি জামায়াতে ইসলামীর সাবেক রোকন সদস্য ছিলেন।
রায় ঘোষণার দীর্ঘ সময় পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাওয়ার শর্তে তিনি আত্মসমর্পণ করেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের সাজা রাষ্ট্রপতি স্থগিত করেন। এর ধারাবাহিকতায় তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। পরে তার আপিলের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এখন আপিল বিভাগের শুনানিতে তার মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে, নাকি তিনি খালাস পাবেন—সেদিকেই নজর রয়েছে।
(ঢাকাটাইমস/১০ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































