জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলাম মা হারালেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ১৪:৩৩
অ- অ+

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলাম সুহাসের মা মারা গেছেন। আজ বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মায়ের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন শফিউল। এক ফেসবুক বার্তায় তিনি লেখেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮:৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন।’

মরহুমার জন্য দোয়া চেয়ে শফিউল আরও বলেন, মহান আল্লাহ যেন তার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং সব ভুলত্রুটি ক্ষমা করে দেন। পাশাপাশি সবার কাছে মায়ের জন্য দোয়া ও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শফিউলের। একই বছর টেস্ট ও টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ডানহাতি এই পেসারের। জাতীয় দলের হয়ে তিনি ১১ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেট ১০৭টি।

শফিউলের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। চট্টগ্রামে ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে কঠিন অবস্থায় পড়া বাংলাদেশকে মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে জয় এনে দেন তিনি। ওই ম্যাচে ২৪ বলে অপরাজিত ২৪ রান করেন শফিউল। বাংলাদেশ জয় পায় ২ উইকেটে।

ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাম্প্রতিক সময় পর্যন্ত খেললেও ২০২০ সালে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন শফিউল। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর চলতি বছরের ৫ জানুয়ারি সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

এদিকে শফিউলের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের সাবেক পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি শফিউলের মায়ের জন্য দোয়া করেন এবং মরহুমার মাগফিরাত কামনা করেন।

শফিউলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু
বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: চিফ হুইপ
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা