বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বগুড়ায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আসগর।
মামলার বরাত দিয়ে পিপি জানান, ২০২০ সালের ৩১ অক্টোবর ভুক্তভোগী শিশুটির মা ও আসামির দ্বিতীয় স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। শিশুটি তার বাবা ও সৎমা, অর্থাৎ আসামির তৃতীয় স্ত্রীর সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত।
মামলার অভিযোগে বলা হয়, ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে প্রতিদিনের মতো শিশুটির সৎমা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গেলে ওই সময় আসামি তার মেয়েকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে পরিণতি ভালো হবে না বলে শিশুটিকে হুমকি দেন তিনি।
ঘটনার পর শিশুটির আচরণে পরিবর্তন দেখা দেয়। সে বাড়ির কাজ করা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সৎমা তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি তার সৎমাকে ধর্ষণের ঘটনা জানায়। তবে স্বামীর বিরুদ্ধে শিশুটির অভিযোগ বিশ্বাস না করে তিনি তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন।
পরে নির্যাতন থেকে মুক্তি পেতে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। এরপর তার মা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আসগর বলেন, আদালতে সব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন শেষে একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































