নুসরাত হত্যা: বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করায় বিচারককে সরানোর নির্দেশ

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ না করে রায় দেওয়ায় সংশ্লিষ্ট নিম্ন আদালতের বিচারককে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলায় ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। খালাস পেয়েছেন ১০ জন। অপর চার আসামির সাজা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত দিতে ব্যর্থ হওয়ায় বিচারিক কার্যক্রমের প্রতি জনগণের আস্থা ও স্বচ্ছতা বজায় রাখতে তৎকালীন ট্রাইব্যুনালের বিচারককে বিচারিক দায়িত্ব থেকে প্রত্যাহার করা প্রয়োজন।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা ও মামলার অন্যতম প্রধান আসামি শাহাদাত হোসেন শামীম।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নুসরাতকে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা প্রত্যাহারের জন্য নুসরাতের ওপর চাপ সৃষ্টি করা হয়।
অভিযোগ অনুযায়ী, এতে কাজ না হওয়ায় ২০১৯ সালের ৬ এপ্রিল পরীক্ষার কেন্দ্র থেকে নুসরাতকে কৌশলে মাদ্রাসার সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁর হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাত মারা যান।
এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। নুসরাতের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মামুনুর রশিদ ৬১ কার্যদিবসে মামলার বিচার শেষ করেন। রায়ে ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।
পরে নিয়ম অনুযায়ী আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হয়। সেই শুনানি শেষে সোমবার উচ্চ আদালত আগের রায় পরিবর্তন করে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জনকে খালাস এবং চারজনকে আমৃত্যু কারাদণ্ড দেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































