আর্জেন্টিনাকে বিদায় মেসির, শেষ হলো দুই দশকের মহাকাব্য

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৫
অ- অ+

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন খোলা চিঠিতে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিকে বিদায় জানান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। এর মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তাঁর দুই দশকেরও বেশি সময়ের মহাকাব্যিক পথচলার অবসান ঘটল।

মেসির বিদায় শুধু একজন ফুটবলারের বিদায় নয়; এটি একটি প্রজন্মের আবেগ, আনন্দ, কান্না, আশা ও অপেক্ষারও সমাপ্তি। দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার কোটি সমর্থকের সুখ-দুঃখের সঙ্গী ছিলেন তিনি। তাঁর পায়ে বল মানেই ছিল অন্যরকম উত্তেজনা, তাঁর গোল মানেই উৎসব, আর তাঁর পরাজয় মানেই অজান্তে মন খারাপ হয়ে যাওয়া।

২০০৫ সালের আগস্টে মাত্র ১৮ বছর বয়সে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় মেসির। হাঙ্গেরির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ৪৭ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। নাটকীয় সেই অভিষেক যে একদিন আর্জেন্টিনা ফুটবলের অন্যতম বড় গল্পের সূচনা করবে, তা তখন কেউই ভাবেনি।

এরপর দীর্ঘ ক্যারিয়ারে মেসিকে লড়তে হয়েছে প্রতিপক্ষের পাশাপাশি নিজের দেশের সমালোচনার সঙ্গেও। আর্জেন্টিনার হয়ে শিরোপা জিততে না পারায় তাঁকে শুনতে হয়েছে নানা সমালোচনা। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের পর বারবার ভেঙে পড়েছেন তিনি। ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ফিরে এসে বদলে দেন নিজের এবং আর্জেন্টিনার গল্প।

২০১৮ বিশ্বকাপের পর লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা দলে আসে বড় পরিবর্তন। একদল তরুণ ফুটবলার মেসির ওপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে বরং তাঁর পাশে দাঁড়ায়। আর সেখান থেকেই শুরু হয় আর্জেন্টিনা ও মেসির সবচেয়ে সফল অধ্যায়।

২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। সেটিই ছিল মেসির প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে একই ভেন্যুতে হারের সাত বছর পর সেই মারাকানাতেই কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ পান তিনি।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর ২০২২ ফিনালিসিমা ও ২০২৪ কোপা আমেরিকাও জেতে দলটি। তিন বছরে চারটি বড় আন্তর্জাতিক শিরোপা এনে দিয়ে মেসি পূর্ণতা দেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারকে।

জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তাঁর মহাকাব্যিক যাত্রার সাক্ষী। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ৬৭টির বেশি গোলে। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ডও তাঁর দখলে। বিশ্বকাপে ২০১৪ ও ২০২২ সালে গোল্ডেন বল জেতার পাশাপাশি তিনি জিতেছেন ২০০৮ অলিম্পিকের স্বর্ণপদক ও ২০০৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ।

বিদায়ের বার্তায় মেসি জানিয়েছেন, ফাইনালের পরই তিনি অবসরের সিদ্ধান্তের কথা লিখে রেখেছিলেন। তবে বাবার শারীরিক অবস্থার অবনতি ও পরবর্তী মৃত্যু তাঁর সিদ্ধান্তকে আরও দৃঢ় করে।

চিঠিতে মেসি লিখেছেন, জাতীয় দলের হয়ে খেলা তিনি সবসময় ভালোবেসেছেন এবং চিরকাল ভালোবাসবেন। এই জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন বলেও জানান তিনি। একই সঙ্গে জাতীয় দলে উঠে আসা তরুণ ফুটবলারদের জায়গা করে দেওয়ার কথাও উল্লেখ করেন।

গত ২০ বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য আর্জেন্টাইন সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান মেসি। মাঠের ভেতর থেকে সমর্থকদের গর্জন তাঁর ভীষণ মনে পড়বে বলেও উল্লেখ করেন। ভবিষ্যতে জাতীয় দলের একজন সমর্থক হিসেবে বাইরে থেকে দলকে সমর্থন করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মেসির বিদায়ে তাই কষ্ট আছে, কিন্তু আক্ষেপ হয়তো নেই। কারণ লাল কার্ড দিয়ে শুরু হওয়া আন্তর্জাতিক অধ্যায়ের শেষ পাতায় তিনি লিখে গেছেন বিশ্বকাপ জয়ের পূর্ণতা। যে ক্যারিয়ার একসময় অপূর্ণতার দীর্ঘশ্বাস হয়ে উঠেছিল, শেষদিকে সেটিই পরিণত হয়েছে সাফল্যের মহাকাব্যে।

হয়তো আর কোনো দিন আর্জেন্টিনার জার্সিতে বল পায়ে ছুটতে দেখা যাবে না মেসিকে। দেখা যাবে না কোনো ফাইনালের আগে তাঁর মুখের চাপা উদ্বেগ, গোলের পর সেই উচ্ছ্বাস কিংবা ট্রফি হাতে শিশুসুলভ হাসি। কিন্তু মাঠ থেকে বিদায় নিলেও মানুষের স্মৃতি থেকে বিদায় নেওয়া তাঁর পক্ষে অসম্ভব।

একটি প্রজন্মকে ফুটবল ভালোবাসতে শেখানো মেসি থেকে যাবেন কোটি মানুষের স্মৃতিতে। তাঁর বিদায় তাই কেবল একজন কিংবদন্তির বিদায় নয়—এটি এক প্রজন্মের আবেগের একটি অধ্যায়ের সমাপ্তি।

(ঢাকাটাইমস/১ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে সিআইডি
সিলেটে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
লোহাগাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা