ভারতে বয়স জালিয়াতির অভিযোগে ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৪
অ- অ+

বয়স জালিয়াতির অভিযোগে ভারতীয় ক্রিকেটে বড় ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি একই অপরাধে সাবেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ মোট ৬৫ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে সংস্থাটি।

প্রাক-মৌসুমে খেলোয়াড়দের নথিপত্র যাচাই করতে গিয়ে বয়সের তথ্যে গরমিল খুঁজে পায় সিএবি। এরপরই অনূর্ধ্ব-১৯ দল থেকে রোহিত যাদবকে প্রত্যাহার করে নেওয়া হয়। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের পাঁচটি ওয়ানডে ও দুটি দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলার কথা ছিল তাঁর।

সিএবি সূত্রের বরাতে জানা গেছে, বাংলার বয়সভিত্তিক ক্রিকেটে খেলা রোহিতের প্রকৃত বয়সের সঙ্গে সরকারি নথিতে উল্লেখ করা বয়সের ব্যবধান প্রায় ২৭ মাস। তার নিষেধাজ্ঞার বিষয়টি বিসিসিআইয়ের অধিভুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকেও জানিয়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে।

রোহিতের মতো আরও ৬৪ ক্রিকেটারের বিরুদ্ধেও বয়স জালিয়াতির অভিযোগে ব্যবস্থা নিয়েছে সিএবি। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম রবি কুমার। বাঁহাতি এই পেসার ২০২২ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ফাইনালে ৯ ওভার বোলিং করে ৩৪ রানে চার উইকেট নিয়েছিলেন রবি। ইংল্যান্ডের প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজনকেই আউট করে শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিংয়ে চাপ তৈরি করেছিলেন তিনি। একই বছর বাংলার সিনিয়র দলে অভিষেক হলেও ২০২৩ সালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাকে।

সিএবির সিদ্ধান্ত অনুযায়ী, বয়সভিত্তিক ক্রিকেটে রবির অভিষেক থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তার সব রেকর্ড ও পরিসংখ্যান বাতিল হিসেবে গণ্য হবে। অনুসন্ধানে তার নথিভুক্ত বয়স ও প্রকৃত বয়সের ব্যবধান ৪০ মাসের বেশি পাওয়া গেছে বলে জানা গেছে।

ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতি ঠেকাতে আগেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২০ সালে বিসিসিআই একটি অ্যামনেস্টি স্কিম চালু করেছিল। ওই ব্যবস্থায় নিবন্ধিত কোনো ক্রিকেটার স্বেচ্ছায় নিজের বয়সসংক্রান্ত সঠিক তথ্য জানালে শাস্তি থেকে ছাড় পাওয়ার সুযোগ ছিল। তবে জালিয়াতি ধরা পড়লে কঠোর নিষেধাজ্ঞার বিধান রাখা হয়। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বয়স যাচাই আরও কঠোর করতে জন্মসনদের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষাগত নথিও জমা দেওয়ার নিয়ম চালু করেছে বিসিসিআই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের খোঁজে দুদক
‘জিসিসি অঞ্চলের দক্ষ জনশক্তির চাহিদা মেটাতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার সমন্বয় জরুরি’
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে যুবক আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা