প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা এরশাদ

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিকীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।
পরে ওই রায়ের পর বিদিশাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। আজ হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় তার মুক্তির আইনি বাধা দূর হলো বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







