তবে কী নতুন ‘ক্রিশ্চিয়ানো রোনালদো’র সন্ধান পেল বার্সেলোনা?

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯
অ- অ+

বার্সেলোনার আক্রমণভাগে হানসি ফ্লিকের নতুন কৌশল যেন ভিন্ন এক রাফিনিয়াকেই সামনে এনেছে। প্রথাগত সেন্টার-ফরোয়ার্ড না পেয়েও ব্রাজিলিয়ান তারকাকে সেই জায়গায় খেলিয়ে বাজিমাত করেছেন জার্মান কোচ। মৌসুমের শুরুতেই তার প্রতিদান দিয়েছেন রাফিনিয়া। লা লিগার প্রথম চার ম্যাচে ছয় গোলের পর চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন আরও দুটি।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লিকের এই কৌশলে রাফিনিয়ার গোল করার দক্ষতা আরও জোরালো হয়েছে। উইংয়ে খেলার জন্য পরিচিত এই ফরোয়ার্ড এখন আক্রমণের কেন্দ্রবিন্দুতে থেকে প্রতিপক্ষের রক্ষণকে ভোগাচ্ছেন।

তবে রাফিনিয়াকে মাঝখানে খেলানোর সম্ভাবনা একেবারে নতুন কোনো ধারণা নয়। কাতালান দৈনিক স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভিটর কাম্পেলোস। রাফিনিয়ার প্রথম কোচদের একজন এই পর্তুগিজ কোচ তখন ভিক্টোরিয়া গিমারেজের রিজার্ভ দলের দায়িত্বে ছিলেন।

২০১৫-১৬ মৌসুমের একটি ম্যাচের স্মৃতিচারণ করে কাম্পেলোস জানান, পোর্তো বি দলের বিপক্ষে ম্যাচের শেষ দিকে রাফিনিয়াকে মূল স্ট্রাইকার হিসেবে খেলিয়েছিলেন তারা। তখনই তার চোখে পড়ে, এই পজিশনের জন্য প্রয়োজনীয় অনেক গুণই তরুণ রাফিনিয়ার মধ্যে ছিল।

গোল করার সামর্থ্য নিয়ে রাফিনিয়ার সেই সময়কার কোচেরও কোনো সংশয় ছিল না। কাম্পেলোসের ভাষায়, গোলকিপারের সামনে একা পেলেই রাফিনিয়া হয়ে উঠতেন অত্যন্ত কার্যকর। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে তার আত্মবিশ্বাস ও নিখুঁত ফিনিশিং ছিল চোখে পড়ার মতো।

প্রায় এক দশক পর সেই একই খেলোয়াড়কে বার্সেলোনার আক্রমণের কেন্দ্রে দেখে তাই বিস্মিত নন কাম্পেলোস। বরং তার ধারণা, সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবেই ভবিষ্যতে রাফিনিয়া আরও বড় ভূমিকা রাখতে পারেন।

এ ক্ষেত্রে তার সামনে উদাহরণ হিসেবে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কাম্পেলোস মনে করেন, রোনালদোর মতো রাফিনিয়াও পজিশন বদলের মধ্য দিয়ে নিজের খেলাকে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারেন। রোনালদোও ক্যারিয়ারের শুরুতে মূলত উইঙ্গার ছিলেন, পরে ধীরে ধীরে পরিণত হন দলের প্রধান গোলদাতা ও আক্রমণের কেন্দ্রবিন্দুতে।

রাফিনিয়ার পেশাদারিত্বও মুগ্ধ করেছিল কাম্পেলোসকে। সেই সময় হয়তো ভাবেননি যে একদিন তিনি বার্সেলোনা বা ব্রাজিলের হয়ে খেলবেন। কিন্তু অনুশীলনে তার পরিশ্রম, মানসিক দৃঢ়তা ও প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা দেখে শীর্ষ পর্যায়ের কোনো ক্লাবে তার খেলা নিয়ে কোচের বিশ্বাস ছিল।

বার্সেলোনায় চার মৌসুমেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রাফিনিয়া। ক্লাবটির হয়ে ১৮২ ম্যাচে তার গোল ৮৩টি, অ্যাসিস্ট ৫৩টি। ২০২৫ সালের ব্যালন ডি’অরের দৌড়েও ছিলেন তিনি। কিন্তু এবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি তার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন পুতিন
ব্রিকসের বৈঠকে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট
দাম বাড়ল সিগারেটের