এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুর ৪ দিনের রিমান্ডে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মামা ওবায়দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন রিমান্ডের এ আদেশ দেন।
গত ২৮ সেপ্টেম্বর ওবায়দুরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১ অক্টোবর দিন ধার্য করেন।
সে অনুযায়ী আজ ওবায়দুরকে কারাগার থেকে আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানিসহ বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার প্রধান আসামি সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে আপস হয়েছে বলে বুধবার আদালতকে জানান মামলার বাদী ও মরিয়মের বাবা এস. এম. মাসুম বিল্লাহ। ওইদিন মাকসুদা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর এসআরবি মিরপুর এলাকা থেকে ওবায়দুরকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করে।
এর আগে দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৬ ধারায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও প্রথম স্ত্রীর মামা ওবায়দুর রহমানের নামে মামলা করেন নিহতের বাবা এস. এম. মাসুম বিল্লাহ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












