মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির হাইকোর্টে জামিন

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথরের আঘাতে হত্যার মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
তবে এই জামিনাদেশ স্থগিত চেয়ে আবেদন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার তিনি এ বিষয়ে লিভ টু আপিল করার কথা জানান।
২০২৫ সালের ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদকে পাথরের আঘাতে হত্যা করে একদল লোক। এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম।
মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
পরে এ মামলায় ২১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ। গত ১২ জুলাই এ আদেশ দেওয়া হয়।
মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনের হাইকোর্টে জামিনের পর রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে লিভ টু আপিল করার উদ্যোগ নিয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













