আদালতে পুলিশকে শাসালেন আখতারুজ্জামান, ছুড়ে ফেললেন হেলমেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ১৫:২৫
অ- অ+

আদালতে নেওয়ার সময় উত্তেজিত আচরণ করেছেন জামায়াতে ইসলামী নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। প্রিজনভ্যান থেকে নামানোর সময় তিনি মাথায় থাকা হেলমেট ছুড়ে ফেলেন। এ সময় এক পুলিশ সদস্যকে শাসাতেও দেখা যায় তাকে।

শনিবার দুপুরে ঢাকার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, প্রিজনভ্যান থেকে নামানোর আগে এক পুলিশ সদস্য আখতারুজ্জামানের হাত ধরতে গেলে তিনি তাকে সতর্ক করে বলেন, ‘হাত ধরবেন না... সাবধান... আদালত তোমার না।’ এরপর প্রিজনভ্যান থেকে নামার সময় মাথায় থাকা হেলমেটটি ছুড়ে ফেলেন তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমি আওয়ামী লীগ না, আমি হেলমেট পরব না।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরের ঘটনার পেছনে আখতারুজ্জামানের প্রতি কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না এবং এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মদিনা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিপুলসংখ্যক যাত্রী ঢাকায় আসেন। যাত্রীর চাপ বেশি থাকায় লাগেজ পেতে বিলম্ব হয়। একই সময়ে ট্রলি সংকট দেখা দিলে কয়েকজন যাত্রীর মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আখতারুজ্জামান ওই নিরাপত্তাকর্মীকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে।

এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানায় করা ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, নিরাপত্তা নিয়ে যা বললেন দীনেশ ত্রিবেদী
খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত পুনর্দখল ঠেকাতে কঠোর অবস্থানে ডিএনসিসি
ন্যাশনাল বয়ফ্রেন্ড ডে আজ