মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মাহিনের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:২৮
অ- অ+

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মাহিনের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রোববার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ মাহিনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ওই জামিনের বিষয়টি গত ১ অক্টোবর প্রকাশ্যে আসে।

হাইকোর্টে জামিন আবেদনের শুনানিতে মাহিনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন জানিয়েছিলেন, মাহিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার ভিত্তিতে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।

তবে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানিয়েছিলেন, ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত জামিন স্থগিতের আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের কাছে রজনী ঘোষ লেনে সোহাগকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর ইট ও পাথর দিয়ে বারবার আঘাত করে হত্যা করা হয়। তার বয়স ছিল ৩৯ বছর। হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়।

ঘটনার পরদিন সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে চলতি বছরের ১২ জুলাই ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উখিয়ায় অসচ্ছল মানুষের জন্য ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু 
সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের স্পিকার
টাঙ্গাইলে ছিনতাই করতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
সচেতন তরুণ প্রজন্মই গড়তে পারে নিরাপদ সমাজ: এসপি শামীমা পারভীন