মির্জাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বিষাক্ত সাপের কামড়ে সুরুতি বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে পৌর সদরের পুষ্টকামুরী খালেরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুরুতি বেগম পুষ্টকামুরী গ্রামের তুলু মিয়ার স্ত্রী। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ ঘরের রান্নাঘরে রান্নার কাজ করছিলেন সুরুতি বেগম। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুল জলিল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










