ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে কাউকে ছাড় নয়: প্রতিমন্ত্রী টুকু

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীরা পান, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ কার্ড পৌঁছে দেওয়া হবে। এ কার্যক্রমে যোগ্য কেউ যাতে বাদ না পড়েন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। বিএনপি যা বলে, তা করে দেখায়। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দিই না। নারীদের সংসারের খরচ মেটাতে সহায়তা করা এবং পরিবারগুলোর আর্থিক চাপ কমানোর লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহের পাশাপাশি তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কেউ অনিয়ম কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো.মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া।
(ঢাকা টাইমস/১৪অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











