বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন৷
তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরণের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।
বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ জানুয়ারি পর্যন্ত। এরপর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করা যাবে ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন ২০ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































