দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হয়েছেন। তার মনোনয়নপত্র ইতোমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন। ঢাকার বাইরে এটিই হতে যাচ্ছে তার প্রথম সফর। বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন। রবিবার রাতে বগুড়ার বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুরে যাওয়ার পথে তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, “ইনশাআল্লাহ দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বগুড়াবাসীর। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর তারেক রহমান বগুড়া আসছেন। ১১ জানুয়ারি তিনি এখানে রাতযাপন করবেন এবং পরদিন গণদোয়ায় অংশ নেবেন।”
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ১২ জানুয়ারি তারেক রহমান রংপুরে যাওয়ার পথে মহাস্থানের মাজার শরিফ জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন এবং শিবগঞ্জের শেষ সীমানা পর্যন্ত তাকে বিদায় জানানো হবে।
এরই মধ্যে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট বাড়িটি নতুন সাজে সজ্জিত করা হয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাড়িটি ২০০০ সালে সংস্কার করে ‘গ্রিন এস্টেট’ হিসেবে গড়ে তোলেন তারেক রহমান। পরবর্তীতে ২০০১-২০০৭ সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মাঝে মধ্যেই বাড়িটিতে অবস্থান করতেন তিনি। নেতাকর্মীরা মনে করছেন, নির্বাচনি প্রচার চালাতে এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে এবারও হয়তো এ বাড়িতিই অবস্থান করবেন তিনি।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী। বগুড়া সদর-৬ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০১ সালে তারেক রহমান বিএনপির প্রাথমিক সদস্য হন বগুড়ার গাবতলী থেকে।
(ঢাকাটাইমস/০৫ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































